কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ভেনিজুয়েলার উত্তরাঞ্চলে দুইটি জোড়া ভূমিকম্পে ছয় হাজারেরও বেশি মানুষের নিহত হওয়ার দুই মাসের কম সময়ের ব্যবধানে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ায় এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

কলম্বিয়ায় সাত দশমিক চার মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কলম্বিয়া ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূগর্ভের ৯৬ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সান হোসে দেল পালমার গ্রামের পাঁচ কিলোমিটার পূর্ব দিকে।

এর উৎপত্তিস্থল ১১০ কিলোমিটার গভীরে থাকলেও এটি শত শত কিলোমিটার দূরে অবস্থিত দেশের রাজধানী বোগোটাতেও তীব্রভাবে অনুভূত হয় এবং সুরক্ষার স্বার্থে সেখানকার বেশ কয়েকটি ভবন খালি করা হয়।

চকোর প্রাদেশিক গভর্নর নুবিয়া কারোলিনা কর্দোবা জানান, ভূমিকম্পে বেশ কিছু মানুষ আহত হয়েছেন।

তবে সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।

ক্ষয়ক্ষতির পাশাপাশি পরবর্তীতে হতে পারে এমন আফটারশক (পরবর্তী কম্পন) নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন চকোর এই গর্ভনর।

ভেনিজুয়েলার উত্তরাঞ্চলে দুইটি জোড়া ভূমিকম্পে ছয় হাজারেরও বেশি মানুষের নিহত হওয়ার দুই মাসের কম সময়ের ব্যবধানে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ায় এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

সূত্র : বিবিসি