সিনেটরদের সাথে সমঝোতায় পৌঁছালেন ট্রাম্পের মনোনীত অ্যাটর্নি জেনারেল

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল রোববার (২ আগস্ট) জানিয়েছেন, তিনি সিনেটরদের সাথে সমঝোতায় পৌঁছেছেন এবং আনুষ্ঠানিকভাবে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল বাতিলের আদেশ জারি করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল রোববার (২ আগস্ট) জানিয়েছেন, তিনি সিনেটরদের সাথে সমঝোতায় পৌঁছেছেন এবং আনুষ্ঠানিকভাবে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল বাতিলের আদেশ জারি করেছেন। এ তহবিল নিয়ে সিনেট অনুমোদন প্রক্রিয়ায় অচলাবস্থা তৈরি হয়েছিল।

সিনেট বিচার বিভাগীয় কমিটি তার মনোনয়ন নিয়ে ভোট স্থগিত করার পর টড ব্ল্যাঞ্চের এই ঘোষণা আসে। রিপাবলিকান সিনেটর জন করনিন (টেক্সাস) ও থম টিলিসের (নর্থ ক্যারোলাইনা) সাথে তার বিরোধ চলছিল।

করনিন ও টিলিস জানিয়েছেন, তারা ব্ল্যাঞ্চকে সমর্থন করবেন না যতক্ষণ না ট্রাম্প প্রশাসন বিতর্কিত ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করে। এই তহবিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার দাবি করা ব্যক্তিদের জন্য গঠিত হয়েছিল।

ব্ল্যাঞ্চ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, গত কয়েক সপ্তাহ ধরে আমার টিম ও আমি কমিটির সদস্য এবং সিনেটরদের সাথে বৈঠক করেছি এবং তাদের উদ্বেগ ও প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা আন্তরিক আলোচনায় অংশ নিয়েছি এবং এর ফলস্বরূপ মে মাসের আইআরএস নিষ্পত্তি বিষয়ে নিম্নলিখিত আদেশ জারি করছি।

তার পোস্টে সংযুক্ত স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘অ্যাটর্নি জেনারেলের ১৮ মে, ২০২৬ তারিখের অর্ডার, যা অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড প্রতিষ্ঠা করেছিল, তা বাতিল করা হলো এবং এর আর কোনো কার্যকারিতা থাকবে না। এই আদেশ স্পষ্ট করে দেয় যে কোনো তহবিল নেই।’

সিনেট বিচার বিভাগীয় কমিটি এখন মঙ্গলবার ব্ল্যাঞ্চের মনোনয়ন নিয়ে ভোট করবে।

সূত্র: বাসস