সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউসি।
ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এহিয়া সারি দাবি করেছেন, তারা সৌদি আরবের অভ্যন্তরে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তার তথ্যমতে, এটি ছিল 'নাজরান বিমানবন্দরে সৌদি শত্রুর একটি স্পর্শকাতর লক্ষ্যবস্তু'। তিনি জানান, একটি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় এবং হামলাটি 'সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে'।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স ইরান সমর্থিত এই গোষ্ঠীর বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠীটি সৌদির বিমানবন্দরটিকে লক্ষ্যবস্তু করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি ওই 'স্পর্শকাতর স্থানে' ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু এই দাবিকে কেন্দ্র করে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


