হরমুজ দিয়ে এক মাসে ৩ কোটি ব্যারেল তেল রফতানি করেছে ইরাক

ইরাক ৪ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে তিন কোটি ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল রফতানি করেছে। এটি যুদ্ধ-পূর্ববর্তী মাসিক গড়ের প্রায় ২৯ শতাংশ।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল |সংগৃহীত

ইরাক ৪ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে তিন কোটি ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল রফতানি করেছে। এটি যুদ্ধ-পূর্ববর্তী মাসিক গড়ের প্রায় ২৯ শতাংশ।

যুদ্ধের আগে ইরাক এই প্রণালী দিয়ে প্রতি মাসে গড়ে ১০৫ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করত। এর বেশিভাগই বসরার নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় টার্মিনালগুলো থেকে আসত।

ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণনকারী সংস্থা সোমোর প্রধান আলি নিজার জানান, ধারণা করা হচ্ছে, জুলাই মাসে এই প্রণালী দিয়ে ৩ কোটি ৫৫ লাখ থেকে ৩ কোটি ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে।

তিনি বলেন, ইরাক-তুরস্ক পাইপলাইনের মাধ্যমে জেহান বন্দরে আরো ৭০ লাখ ব্যারেল তেল রফতানি করা হয়েছে।

ইরাক ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে সিরিয়ার মধ্য দিয়েও কিছু অপরিশোধিত তেল পরিবহন করেছে। এছাড়া সিরিয়ার বানিয়াস বন্দর পর্যন্ত একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা এখনো পর্যালোচনার অধীনে রয়েছে।

সূত্র: আল জাজিরা