ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাঙ্কারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সেন্টার রোববার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছে।
ইউকেএমটিও জানায়, জাহাজটি এবং এর নাবিকরা সবাই নিরাপদে আছেন। একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্যাপ্টেনই সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।
সংস্থাটি আরো জানায়, ঘটনাটি ওমানের খাসাব শহরের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ঘটেছে।
ইউকেএমটিও জাহাজগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে। পাশাপাশি, সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানাতে বলেছে।
এদিকে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক উদ্যোগের সুযোগ দিতে বড় ধরনের হামলা স্থগিত করার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই ইরান রোববার জানায়, হরমুজ প্রণালী দিয়ে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ওমানের সাথে তারা একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, প্রণালীটির অপর প্রান্তে থাকা ওমানের সাথে নতুন নৌপথ চালুর বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তবে তিনি জোর দিয়ে বলেন, এমন কোনো চুক্তি হলেও এর অর্থ এই নয় যে হরমুজ প্রণালী আবারো খুলে দেয়া হবে।
সূত্র: বাসস


