পাকিস্তানের কোট আদ্দু জেলায় বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে একটি লোডার রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ছয় শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সোমবার রাতে ২৪ যাত্রী নিয়ে গাড়িটি মুজাফফরগড় খালে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার রাতে কোট আদ্দু জেলার লোমার ওয়ালা থেকে বরযাত্রীরা বস্তি আরাইনের দিকে যাচ্ছিলেন। এ সময় অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সানাওয়ানের শেখো সুগার মিলসের কাছে মুজাফফরগড় খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর তিনজন খাল থেকে উঠে এসে রেসকিউ ১১২২-কে খবর দেন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও রেসকিউ ১১২২-এর কর্মীরা মিলে ছয়জনকে জীবিত এবং তিনটি লাশ উদ্ধার করে।
মঙ্গলবার কোট আদ্দু উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিশান জানান, খাল থেকে আরো নয়টি লাশ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে।
বাকিদের উদ্ধারের জন্য এখনো অভিযান চলছে বলেও জানান তিনি।
সূত্র: ডন


