ভারতের আসাম রাজ্যে বন্যায় গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। রাজ্যের ১৪টি জেলায় উচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।
দুর্যোগ প্রতিবেদন ও তথ্য ব্যবস্থাপনা সিস্টেমের (ডিআরআইএমএস) সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, রাজ্যটির একাধিক জেলা পানিতে তলিয়ে আছে এখনো।
বুধবার (৫ আগস্ট) নতুন করে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দু’জন বিশ্বনাথ জেলার, দু’জন শিবসাগর জেলার, একজন গোলাঘাট জেলার এবং একজন মরিগাঁও জেলার। এছাড়া উদালগুড়িতে একজন নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে।
নুমালিগড়ে ধানসিঁড়ি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে ১৪টি জেলায় উচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।
ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে গোলাঘাট, লখিমপুর, চরাইদেও, শিবসাগর, বিশ্বনাথ, ধেমাজি, কামরূপ (এম), জোড়হাট, সোনিতপুর, তিনসুকিয়া, নগাঁও, দাররাং, কার্বি আংলং ও উদালগুড়ি।
সূত্র: এনডিটিভি


