আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০

ভারতের আসাম রাজ্যে বন্যায় রোববার (৯ আগস্ট) মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় গোলাঘাট ও কার্বি আংলং জেলায় বন্যার পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আসামের বন্যাকবলিত এলাকা
আসামের বন্যাকবলিত এলাকা |ফাইল ছবি

ভারতের আসাম রাজ্যে বন্যায় রোববার (৯ আগস্ট) মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গোলাঘাট ও কার্বি আংলং জেলায় বন্যার পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে।

সংস্থাটি আরো জানায়, চরাইদেও, দরং, গোলাঘাট, জোরহাট, কার্বি আংলং, নগাঁও ও শিবসাগর জেলায় বর্তমানে এক লাখ ৩৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শনিবারের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

এএসডিএমএ জানিয়েছে, প্রশাসন ছয়টি জেলায় ১২৫টি ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র পরিচালনা করছে, যেখানে বর্তমানে ৪৯ হাজার ৬১ জন ক্ষতিগ্রস্ত মানুষ আশ্রয় নিয়েছেন।

এখনো ৪৫৬টি গ্রাম পানির নিচে রয়েছে এবং ১১ হাজার ৯৩৩ দশমিক ৪৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বন্যার পানিতে বেশ কয়েকটি জেলার বাঁধ, রাস্তা, সেতু এবং অন্যান্য পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএসডিএমএ জানিয়েছে, গোলাঘাট ও নুমালিগড়ে ধানসিঁড়ি এবং শ্রীভূমিতে কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সূত্র: এনডিটিভি