জাতিসঙ্ঘের ২ কর্মীকে আটক করেছে আফগান গোয়েন্দা সংস্থা

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে জাতিসঙ্ঘের আফগানিস্তান মিশনের (ইউএনএএমএ) দুই কর্মী আটক হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

নয়া দিগন্ত অনলাইন
জাতিসঙ্ঘের লোগো
জাতিসঙ্ঘের লোগো |ফাইল ছবি

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে জাতিসঙ্ঘের আফগানিস্তান মিশনের (ইউএনএএমএ) দুই কর্মী আটক হয়েছেন। তাদের সাথে দু’দিন ধরে জাতিসঙ্ঘের কোনো যোগাযোগ বা সাক্ষাতের সুযোগ হয়নি বলে মঙ্গলবার (১১ আগস্ট) জানিয়েছে সংস্থাটি।

ইউএনএএমএ এক বিবৃতিতে জানায়, পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে গত ৯ আগস্ট রোববার দেশটির গোয়েন্দা সংস্থা ‘জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স’-এর কর্মকর্তারা জাতিসঙ্ঘের দুই আফগান পুরুষ কর্মীকে আটক করেছেন।

এ বিষয়ে আফগান সরকার বার্তাসংস্থা এএফপিরকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দফতর আটক কর্মীদের বিশেষ মর্যাদা ও সম্মান করার আহ্বান জানিয়েছে।

গুতেরেসের মুখপাত্র ফারহান হক বলেন, ‘তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে আমাদের জানানো হয়নি এবং তাদের সাথে দেখা করারও অনুমতি দেয়া হয়নি।’

তিনি আরো বলেন, ‘জাতিসঙ্ঘ ও এর কর্মকর্তাদের বিশেষ মানবাধিকার ও দায়মুক্তির বিষয়গুলো মেনে চলতে আমরা কার্যত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তালেবানরা ক্ষমতা দখলের পঞ্চম বার্ষিকীর কয়েক দিন আগে এই আটকের ঘটনা ঘটল। ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে।

স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে আফগানিস্তানজুড়ে জাতিসঙ্ঘের একাধিক সংস্থা কাজ করছে।

চলতি সপ্তাহে ইউএনএএমএ প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির কর্তৃপক্ষকে নিরাপত্তা সংস্থাগুলোর বলপ্রয়োগ, গ্রেফতার ও আটকসংক্রান্ত বিষয় স্পষ্ট করার পাশাপাশি এসব কার্যক্রমে জবাবদিহিতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সূত্র: বাসস