রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের একটি গুদামকে লক্ষ্য করে রাতে নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার (৩ আগস্ট) কোম্পানি ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
গুদামটি মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে ভ্লাদিমির অঞ্চলে অবস্থিত।
ওয়াইল্ডবেরিজ এক বিবৃতিতে জানায়, ‘হামলার পর ভ্লাদিমির অঞ্চলে কোম্পানির একটি লজিস্টিকস কেন্দ্রে আগুন লেগে যায়।’
প্রতিষ্ঠানটি আরো জানায়, গুদামে কর্মরত সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ভ্লাদিমির অঞ্চলের গভর্নর আলেক্সান্দার আভদেয়েভ জানান, ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়।
তিনি রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে লিখেছেন, হামলায় আগুন লেগে ক্ষয়ক্ষতি ছাড়াও একজন আহত হয়েছেন।
গত জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চল এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় ওয়াইল্ডবেরিজের প্রায় ২০টি স্থাপনায় হামলা চালিয়েছে।
গত ১৭ ও ১৮ জুলাই রাতে প্রথম দফার হামলায় মস্কো ও তামবভ অঞ্চলের বিভিন্ন স্থাপনায় আটজন নিহত এবং কমপক্ষে ৯০ জন আহত হন।
এরপর থেকে ইউক্রেনের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সেন্ট পিটার্সবার্গের কাছে, ক্রিমিয়ার সিমফেরোপল, ক্রাসনোদার, ভলগোগ্রাদ এবং সামারা অঞ্চলের বিভিন্ন স্থাপনা।
ওয়াইল্ডবেরিজ রাশিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি অনলাইন খুচরা বিক্রয় প্ল্যাটফর্ম। একে প্রায়ই ‘রাশিয়ার অ্যামাজন’ বলা হয়।
ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতে হামলা রাশিয়ার বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের দূরপাল্লার অভিযানের অংশ।
সূত্র: বাসস


