রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৫

জাপোরিঝঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, রাশিয়ার হামলায় পাঁচজন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫ জন নিহত হয়েছে
রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫ জন নিহত হয়েছে |সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে রুশ বাহিনীর হামলায় পাঁচজন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন। আঞ্চলিক কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

একই সময়ে রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা আরো বাড়িয়েছে রাশিয়া।

এদিকে, ইউক্রেনের অভিযোগ, চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধকে আরো জোরদার করতে রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে অতিরিক্ত সামরিক সহায়তা নিচ্ছে।

জাপোরিঝঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, রাশিয়ার হামলায় পাঁচজন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন। তিনি বলেন, জাপোরিঝঝিয়ায় শত্রুর হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

কিয়েভে এএফপির সাংবাদিকরা জানান, স্থানীয় সময় মধ্যরাতের কিছুক্ষণ পর একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ আগে কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিল।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাজধানীতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া।

তিনি জানান, শহরের শেভচেঙ্কিভস্কি জেলায় জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অন্তত একজন আহত হয়েছেন।

বিস্ফোরণের শব্দ শোনার কিছুক্ষণ আগেই কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

সূত্র : বাসস