রাশিয়ার ভূখণ্ডের গভীরে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন ও ধোঁয়া দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইরকুটস্ক অঞ্চলের আঙ্গারস্কের একটি তাপবিদ্যুৎকেন্দ্র, ওরস্কের একটি তেল শোধনাগার এবং সুদূর পূর্বাঞ্চলের কোমসোমলস্ক-অন-আমুরের একটি শোধনাগার রয়েছে। তবে এসব স্থাপনায় আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টেলিগ্রামে ছড়িয়ে পড়া যাচাইবিহীন ছবিতে ইরকুটস্ক অঞ্চলের আঙ্গারস্কের একটি তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। পৃথক কিছু পোস্টে ওরস্কের একটি তেল শোধনাগারেও ধোঁয়া দেখা যাওয়ার দাবি করা হয়েছে। এ ছাড়া রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের খাবারোভস্ক অঞ্চলের কোমসোমলস্ক-অন-আমুরে একটি শোধনাগারে আগুন লাগার খবরও পাওয়া গেছে।
সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কী কারণে আগুন লেগেছে, সে বিষয়ে রুশ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বিবৃতিও পাওয়া যায়নি।
এদিকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর এসব আগুনের ঘটনা সামনে এলো। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, সাইবেরিয়ার তোবোলস্কের একটি তেল শোধনাগারে হামলা হয়েছে। তিনি বলেন, হামলার স্থানটি ইউক্রেন থেকে ‘২ হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি’ দূরে।
এর আগে রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার খবর পাওয়া যায়। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চালানো ওই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৭৫ জনের বেশি আহত হয়েছেন।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দেশটির ভূখণ্ডের অনেক গভীরে ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব হামলার ফলে রাশিয়ার অভ্যন্তরে নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র : বিবিসি


