নয়া দিগন্ত ডেস্ক
পর্যটকদের আকৃষ্ট করতে অভিনব এক আয়োজন শুরু করেছে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র লেভি। ‘মিডনাইট সান হান্ট’ নামে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে কেউ যদি লুকিয়ে রাখা একটি সোনার বার খুঁজে পান, তবে সেটিই হবে তার পুরস্কার।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, প্রায় ২০ হাজার ইউরো (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকা) মূল্যের সোনার বারটি লেভি এলাকার পাহাড়ি ও প্রাকৃতিক পরিবেশের কোনো এক স্থানে লুকিয়ে রাখা হবে। আগামী ১৮ জুন থেকে শুরু হওয়া এ অনুসন্ধান অভিযান পুরো গ্রীষ্মকালজুড়ে চলবে। অংশগ্রহণকারীদের বিভিন্ন ধাপে প্রকাশিত সূত্র অনুসরণ করে সোনার বারটির অবস্থান শনাক্ত করতে হবে। চূড়ান্ত সূত্র প্রকাশ করা হবে ২২ আগস্ট।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগীদের খোঁজাখুঁজির সময় পরিবেশের কোনো ক্ষতি করতে হবে না এবং মাটি খোঁড়ারও প্রয়োজন হবে না। হাইকিং ও মাউন্টেন বাইকিং ট্রেইল ঘিরেই সূত্রগুলো সাজানো হবে। এ আয়োজনের লক্ষ্য শুধু পুরস্কার দেয়া নয়, বরং মধ্যরাতের সূর্যের জন্য বিখ্যাত ল্যাপল্যান্ডকে গ্রীষ্মকালীন পর্যটনের আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা।
লেভি স্কি রিসোর্ট, ভিজিট লেভি এবং একটি খনি প্রতিষ্ঠান যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। আয়োজকদের আশা, শীতকালীন পর্যটনের পাশাপাশি গ্রীষ্মকালেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিযাত্রী ও পর্যটকরা এ অঞ্চলে ভিড় করবেন।



