বিশেষ সংবাদদাতা
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব:) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল বৃহস্পতিবার তাদের পক্ষে আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেয়া হয় এই নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পে একটি এবং ড. অলি আহমদ বীর বিক্রমের পে দুইটি মনোনয়নপত্র দাখিল হয়েছে। আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে।
মির্জা ফখরুলের পক্ষে একটি : দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কাছে জমা দেন। মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন নরসিংদী-২ আসনের এমপি ড. আব্দুল মঈন খান এবং সমর্থন দিয়েছেন ঢাকা-৩ আসনের এমপি গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন সরকারী দলের চিফ হুইপ মো: নুরুল ইসলাম মনি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স।
১১ দলীয় জোটের ড. অলির পক্ষে ২টি : সকালে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচনী কর্তা ও সিইসির কাছে প্রথম মনোনয়নপত্র জমা দেন। ওই মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১১ আসনের এমপি ডা: শফিকুর রহমান এবং সমর্থন দিয়েছেন এনসিপির নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমীন। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এমপি, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি মাওলানা ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. ওমর ফারুক, এবি পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, ঢাকা-৫ আসনের এমপি কামাল হোসেন, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নাল আবেদিন চৌধুরী, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব:) আবদুল বাতেন, শেরপুর সদর আসনের এমপি হাফেজ রাশেদুল ইসলাম, নাজমুন নাহার নিলু এমপি, মারদিয়া মমতাজ এমপি, এনসিপির নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমীন, ডা: মাহমুদা মিতু এমপি প্রমুখ।
এরপর বিকেল ৩টায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপির নেতৃত্বে একটি প্রতিনিধিদল দ্বিতীয় মনোনয়নপত্র জমা দেন। ওই মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন ঢাকা-৬ আসনের এমপি জামায়াতে ইসলামীর কর্নেল (অব:) আব্দুল বাতেন এবং সমর্থক হিসেবে ছিলেন এনসিপির ডা: মাহমুদা মিতু এমপি। এ সময় ছিলেন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর ইসলাম ফরিদী।
রাষ্ট্রপতি পদে তিনটি মনোনয়ন জমা : ইসি সচিব
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. কর্নেল (অব:) অলি আহমদের দু’টি মনোনয়নপত্র পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার পরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব:) অলি আহমদের দু’টি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে। তিনি বলেন, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। সংসদ সচিবালয় থেকে তাদের একজন প্রতিনিধি থাকবেন। তারা প্রার্থীদের স্বার যাচাই করবেন।
অলি আহমদের দু’টি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। ১৯৯১ সালের পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে।


