নিজস্ব প্রতিবেদক
তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে শুরু হবে। একই সাথে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস এবং পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকের অনুমোদন পাওয়ার তথ্য জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি ও বৃরোপণসহ বিভিন্ন উদ্যোগও জোরদার করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি সভাপতিত্ব করেন।
বৈঠকে সরকারের গত প্রায় ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করে পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমে প্রশংসনীয় অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়। বিশেষ করে নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃরোপণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসব উদ্যোগ আরো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
৯৩ উন্নয়ন প্রকল্পে সাত হাজার ৮৩২ কোটি টাকা বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের চলমান উন্নয়নকার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়নে মোট সাত হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, অর্থবরাদ্দ ও বাস্তবায়ন-সংক্রান্ত বিস্তারিত তালিকাও বৈঠকে উপস্থাপন করা হয়। কমিটি উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব দেয়। একই সাথে বরাদ্দকৃত অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নেও পানিসম্পদ মন্ত্রণালয়কে আরো কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেয়া হয়।
পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদিত বৈঠকে জানানো হয়, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। দেশের পানি ব্যবস্থাপনা ও নদীভিত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ এ প্রকল্পের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।
এ ছাড়া ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার বিষয়টি কমিটিকে অবহিত করা হয়। নদীর পানি বণ্টন ও অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনার েেত্র এ বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদমন্ত্রী মো: শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি, এ কে এম ফজলুল হক মিলন, এমপি, এ ই সুলতান মাহমুদ বাবু, এমপি, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, এমপি, মুন্সী রফিকুল আলম, এমপি, মো: ইজ্জত উল্লাহ্, এমপি, মো: মশিউর রহমান খান, এমপি এবং মো: অলি উল্লাহ্, এমপি অংশ নেন।
এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


