সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী

সরকার সম উন্নয়নে বিশ্বাস করে শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া শিগগিরই

Printed Edition
সরকার সম উন্নয়নে বিশ্বাস করে শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া শিগগিরই
সরকার সম উন্নয়নে বিশ্বাস করে শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া শিগগিরই

নিজস্ব প্রতিবেদক

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের সরকারি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত এক সস্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে যেগুলো আরো গতিশীল করার জন্য যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করব।

বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে প্রথম ৩০ মিনিট হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোপর্ব। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল তারকা চিহ্নিত পাঁচটি প্রশ্ন। এর মধ্যে ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারকা চিহ্নিত তিনটি প্রশ্ন এবং সংসদ সদস্যের এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দেন।

মাদারীপুর-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার দুলুর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকারদলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করব ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে বিরোধীদলীয় সদস্যরা যারা আছে তাদের এলাকায় আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব।

বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকারি দলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব কেন দেয়া হয়েছে তার ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী। প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের এক সস্পূরক প্রশ্নের জবাবে এই ব্যাখ্যা দেন। প্রধানমন্ত্রী বলেন, কয়েক দিন আগে মহিলা সংসদ সদস্যদের নির্বাচিত করা হয়েছে। সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো আসন নেই। আপনার বা আমার যেকোনো নির্দিষ্ট আসন আছে সেরকম নির্দিষ্ট কোনো আসন তাদের নেই। খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক যে কাঠামো তার ভিত্তিতে আমরা তাদের দলীয় অবস্থান থেকে কিছু জায়গা তাদের জন্য নির্দিষ্ট করেছি, তারা কোথায় কাজ করবেন। আপনার নির্বাচন এলাকায় একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার উন্নয়নের ব্যাপারে কিভাবে ভূমিকা রাখতে চান? যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে বা নারী সংসদ সদস্যদের নির্বাচিত করেছে। খুব স্বাভাবিকভাবেই তাদেরও একই রকমভাবে হক আছে, একই রকমভাবে হক আছে তার এলাকার বা তার এলাকার মানুষের জন্য।

প্রধানমন্ত্রী বলেন, খুব স্বাভাবিকভাবেই আমরা যেটি নিয়ম আছে সরকারের, সেই নিয়ম অনুযায়ী আমরা এগোচ্ছি। আপনার এলাকার যদি কোনো উন্নয়নের কোনো বিষয়ে যদি আমার সহযোগিতা করার কিছু থাকে জানাবেন।

পাবনা-৫ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দফতর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো জানান, ১৮০ দিনের মধ্যে পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালু করা হবে। এ ছাড়া তার সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের মধ্যে নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের পাইলটিং পর্যায়ে এ পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। কৃষক কার্ডের প্রি-পাইলটিং পর্যায়ে দেশের আটটি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে এ পর্যন্ত ২০ হাজার ৭৪৮ জনকে কৃষক কার্ড প্রদান করা হয়েছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। ৪৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার-প্যাগোডা এবং ৩৯৬টি গির্জায় কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। ৬৬৬টি খাল খনন, পুনঃখনন কার্যক্রম চলমান। খনন/পুনঃখননকৃত খালের মোট দৈর্ঘ্য ৯৬৫.০৪ কিমি। আসন্ন বর্ষা মৌসুমে প্রায় তিন কোটি ১৪ লাখ চারা রোপণ করা হবে। আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে। ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা তিন লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির আগেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে এ ঋণ প্রদান সহজীকরণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে মোট ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ১২-১৪ বছরের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম শুরু করা হয়েছে। এতে মোট আটটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো: মোবাশ্বের আলম ভূঁইয়ার এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে অর্থনৈতিক সুশৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দেশী-বিদেশী সবার জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। প্রত্যেকের জন্য এমন সুবিধা সৃষ্টি করা হবে, যেখানে তারা সুন্দরভাবে ব্যবসা এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। এরই অংশ হিসেবে সরকার দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি জানান, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর হতে এখন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ে আমদানি ও রফতানি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করতে সরকার এক বিশাল কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। বিদেশী বিনিয়োগকারীদের জন্য পরিবেশ আরো আকর্ষণীয় করতে মূলধন ও বিনিয়োগ প্রত্যাবর্তন প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেয়া হয়েছে।