নয়া দিগন্ত ডেস্ক
রাজশাহীর মোহনপুর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা ও এক বৃদ্ধাসহ চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
রাজশাহীতে নিহত ২
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাড়ইল মিলঘর এলাকায় একটি একটি ট্রাকের সাথে সংঘর্ষে যাত্রীবাহী মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মহেন্দ্রার যাত্রী কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত কর্মকর্তা মো: মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁর মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এ ছাড়া গুরুতর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। তবে বিকেল পর্যন্ত তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হবিগঞ্জে ২ জন নিহত
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ড্রাম ট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। এতে সিএনজি চালক আক্কাস মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডোবা গ্রামের বাবু মিয়ার ছেলে। এ ঘটনায় অপর তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি উপজেলার রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী।



