নয়া দিগন্ত ডেস্ক
যুক্তরাজ্যের উপকূলীয় পানিসীমায় অক্টোপাসের অস্বাভাবিক বৃদ্ধি জেলেদের জন্য নতুন সঙ্কট তৈরি করেছে। গবেষকদের মতে, অন্তত ৭৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে বড় অক্টোপাস বিস্তার বা ‘ব্লুম’ দেখা যাচ্ছে। উষ্ণ সমুদ্রপানি ও অনুকূল আবহাওয়ার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে ইংল্যান্ডের ডেভন ও কর্নওয়াল উপকূলে অক্টোপাসের সংখ্যা এতটাই বেড়েছে যে তারা বিপুল পরিমাণ কাঁকড়া, লবস্টার ও অন্যান্য শামুক জাতীয় প্রাণী খেয়ে ফেলছে। ফলে ঐতিহ্যবাহী শেলফিশ আহরণে নির্ভরশীল বহু জেলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। কিছু এলাকায় কাঁকড়া ও লবস্টারের মজুদ দ্রুত কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী পেশা ছেড়ে দেয়ার কথাও ভাবছেন।
তবে পরিস্থিতির আরেকটি দিকও রয়েছে। অক্টোপাসের চাহিদা থাকায় কিছু জেলে বিপুল পরিমাণ অক্টোপাস ধরে লাভবান হচ্ছেন। গবেষণা অনুযায়ী, ২০২৫ সালে অক্টোপাস আহরণ কয়েক হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এক দিনে রেকর্ড ১০০ টন অক্টোপাস বিক্রির ঘটনাও ঘটেছে।
বিজ্ঞানীরা বলছেন, এটি শুধু জেলেদের অর্থনৈতিক সঙ্কট নয়; সমুদ্রের খাদ্যশৃঙ্খল ও বাস্তুতন্ত্রেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের তাপমাত্রা বাড়তে থাকলে ভবিষ্যতে এমন ঘটনা আরো ঘন ঘন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



