নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। গতকাল বুধবার ধানমন্ডি ২৭ নম্বরের বাংলাদেশ আই হসপিটালের পাশের একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা ৬টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে। এরপর ৬টা ১০ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। সেই সাথে তৃতীয় তলার গ্লাস ভেঙে ভবনের সাথে লাগানো একটি সিঁড়ি বেড়ে কয়েকজনকে নামতেও দেখা গেছে। তবে ভবনটিতে কতজন আটকা পড়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।



