সাভার (ঢাকা) সংবাদদাতা
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত ৩য় বিকেএসপি কাপ অনূর্ধ্ব-১৮ টেনিস টুর্নামেন্ট বুধবার (১০ জুন) শেষ হয়েছে। টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের ১০টি ইভেন্টের মধ্যে ৭টি স্বর্ণ ও ৭টি রৌপ্য পদক জিতে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিকেএসপি।
প্রতিযোগিতায় ২টি স্বর্ণপদক নিয়ে রানার্সআপ হয়েছে ঝালকাঠি টেনিস ক্লাব। অন্যদিকে ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে মাদারীপুর টেনিস ক্লাব।
বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান।
এর আগে গত ৭ জুন টুর্নামেন্টের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।
টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হন— বালক একক (অনূর্ধ্ব-১২) বিভাগে বিকেএসপির আদনান নাফিস, বালক একক (অনূর্ধ্ব-১৪) বিভাগে জুবায়ের ইসলাম, বালক একক (অনূর্ধ্ব-১৬) বিভাগে পার্থ সমদ্দার এবং বালক একক (অনূর্ধ্ব-১৮) বিভাগে কাব্য গায়েন।
এ ছাড়া বালক দ্বৈত (অনূর্ধ্ব-১৮) বিভাগে বিকেএসপির কাব্য গায়েন ও আপন জুটি, বালিকা একক (অনূর্ধ্ব-১২) বিভাগে জাহিন তাসনিম মানভা এবং বালিকা দ্বৈত (অনূর্ধ্ব-১৮) বিভাগে মিতু ও হালিমা জুটি চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থার ১৩টি দলের মোট ৯৫ জন খেলোয়াড় ১০টি ইভেন্টে অংশগ্রহণ করেন।
আয়োজকরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



