তামিম ইকবালকে টপকে দ্বিতীয় স্থানে মোমিনুল

তিন নম্বরে ব্যাট হাতে নেমে দিন শেষে ছয়টি চারে ৪৯ বলে ৩৫ রানে অপরাজিত আছেন মোমিনুল। এই ইনিংস খেলার পথে তামিমকে টপকে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মোমিনুল হক
মোমিনুল হক |সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় তামিম ইকবালকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছেন মোমিনুল হক। ৭৯ টেস্টে মোমিনুলের রান এখন ৫১৬৬। ৭০ ম্যাচে ৫১৩৪ রান করেছেন তামিম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন তামিমকে টপকে যান মোমিনুল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। জবাবে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ।

তিন নম্বরে ব্যাট হাতে নেমে দিন শেষে ছয়টি চারে ৪৯ বলে ৩৫ রানে অপরাজিত আছেন মোমিনুল। এই ইনিংস খেলার পথে তামিমকে টপকে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে মোমিনুলের রান ছিল ৭৮ ম্যাচে ৫১৩১।

তামিমকে টপকে যেতে ৪ রান দরকার ছিল মোমিনুলের।

বাংলাদেশের ইনিংসে নবম ওভারে ক্রিজে আসেন ২০১৩ সালে টেস্ট অভিষেক হওয়া মোমিনুল। ১ রান নিয়ে রানের খাতা খুলেন তিনি। ১৪তম ওভারের প্রথম বলে চার মেরে সর্বোচ্চ রানের তালিকায় তামিমকে পেছনে ফেলেন মোমিনুল। ৭৯ টেস্টের ১৪৬ ইনিংসে ৫১৬৬ রানের মালিক এখন মোমিনুল। ১৩ শতক ও ২৮ অর্ধশতক হাঁকানো মোমিনুলের ব্যাটিং গড়- ৩৮.২৬।

৭০ ম্যাচে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৫১৩৪ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে নেমে গেলেন তামিম।

১০৪ টেস্টের ১৯০ ইনিংসে ১৪ সেঞ্চুরি ও ২৯ হাফ-সেঞ্চুরিতে ৩৯.১১ গড়ে ৬৮০৬ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

মুশফিক-মোমিনুল ও তামিম ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারের টেস্টে পাঁচ হাজার রান নেই। বাসস