ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট করার সময় আঙুলে চোট পান বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। এজন্য ম্যাচের বাকি সময় মাঠে নামতে পারেননি। তবে তাইজুলের ইনজুরির উন্নতি হয়েছে বলে জানান বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।
তিনি জানান, ডারউইনে ১৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে তাইজুল ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক ভিডিও বার্তায় ফিজিও বায়েজিদুল বলেন, ‘গত পরশু ব্যাটিংয়ের সময় তাইজুল যে ব্যথা পেয়েছিল, সেই ব্যথা কমে এসেছে। ফোলা এবং ব্যথা, দু’টিই কমে এসেছে। টেস্ট শুরু হতে এখনো আরো পাঁচ দিন বাকি আছে। আমাদের হাতে চার দিন সময় আছে। আশা করছি, এই সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে।’
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ৯ নম্বরে নেমে ১৫ বলে ১০ রান করেন তাইজুল।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ ইনিংস ও ৩৮ রানে হারে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রানের জবাবে অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে।
সূত্র : বাসস


