বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশে ‘বিগ থ্রি’

বৃহস্পতিবার সকাল ১০টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া |সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই টেস্ট দিয়ে দীর্ঘদিন পর আবারো একসাথে মাঠে নামছেন অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।

এই টেস্ট দিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সর্বশেষ অ্যাশেজের শেষ দুই টেস্টে খেলতে পারেননি লায়ন। এবার বাংলাদেশের বিপক্ষে ফিরছেন তিনি।

অন্যদিকে হ্যাজলউডের ফেরায় একাদশের বাইরে থাকতে হচ্ছে স্কট বোল্যান্ডকে। তিনি অবশ্য সর্বশেষ অ্যাশেজে দুর্দান্ত ছিলেন। পাঁচ টেস্টের প্রতিটিতেই খেলেছেন তিনি এবং নিয়েছিলেন ২০ উইকেট।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপেও রয়েছে অভিজ্ঞতার ছড়াছড়ি। ট্রাভিস হেড, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথের পাশাপাশি রয়েছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। দুই পেস বোলিং অলরাউন্ডার গ্রিন ও ওয়েবস্টারও একাদশে জায়গা পেয়েছেন।

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ। কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডের সাথে লায়নের উপস্থিতি স্বাগতিকদের বোলিংকে করেছে আরো ভয়ঙ্কর।

যদিও সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে সেই ম্যাচের ফল পেছনে ফেলে মূল টেস্টে ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ

জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।