আইসিসির মাসসেরার দৌড়ে তানজিদ তামিম

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তানজিদ। এই দৌড়ে আরো আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস।

নয়া দিগন্ত অনলাইন
তানজিদ হাসান তামিম
তানজিদ হাসান তামিম |নয়া দিগন্ত অনলাইন

ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। জুলাই মাসের দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

তানজিদের সাথে পুরুষ বিভাগের মাসসেরার লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। জিততে হলে তামিমকে বেশ লড়াই করতে হবে এই দুই প্রতিদ্বন্দ্বীর সাথে।

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তানজিদ। ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরে গেলেও তিন ম্যাচে ১৫৯ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তার ব্যাটিং গড় ছিল ৫৩।

টি-টোয়েন্টি সিরিজেও দারুণ ছন্দ ধরে রাখেন এই বাঁহাতি ওপেনার। তিন ম্যাচে ৭০ গড়ে করেন ১৪০ রান। স্ট্রাইক রেট ছিল ১২৭.২৭। তানজিদের কার্যকর ব্যাটিংয়ে ভর করে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

অন্যদিকে, হ্যারি ব্রুক জুলাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন দুর্দান্ত। পাঁচ ম্যাচে ২২৯ রান করেন তিনি। ব্যাটিং গড় ১১৪.৫০ এবং স্ট্রাইক রেট ২১৪.০১। সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে। ইংল্যান্ড সিরিজটি জেতে ৪-০ ব্যবধানে।

জাস্টিন গ্রিভসও জুলাইয়ে ব্যাট ও বল হাতে নজর কাড়েন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলেন ১৮০ রানের দুর্দান্ত ইনিংস। পাকিস্তানের বিপক্ষে টারুবা টেস্টে নেন ৭ উইকেট। সব মিলিয়ে জুলাইয়ে দুই টেস্টে ২১৫ রান ও ৮ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।

নারী বিভাগের মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট স্ক্রিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার হার্শিতা মাধবী ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউজ।