দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল

ডারবানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন বাংলাদেশ ওপেনার সাথী রানী। এরপর ১৭ রানের মধ্যে আরো ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ বাকি থাকতে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল।

গতরাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ৭ উইকেটে হারে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ হার বরণ করে নিল মুর্শিদা-দিশারা।

ডারবানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন বাংলাদেশ ওপেনার সাথী রানী। এরপর ১৭ রানের মধ্যে আরো ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে ২৪ রানের জুটিতে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন ওপেনার ও উইকেটরক্ষক মোসাম্মত ইভা ও আফিয়া আসিমা। দলের রান ৫০ হওয়ার আগে সাজঘরে ফিরেন ইভা ও আসিমা। ইভা ১৯ ও আসিমা ১২ রান করেন।

৪৮ রানে পঞ্চম উইকেট পতনের পর বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। লোয়ার অর্ডারে অধিনায়ক দিশা বিশ্বাসের অপরাজিত ১২ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ৭৫ রান করে বাংলাদেশ।

৭৫ রানের পুঁজি নিয়ে ৮ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ২ উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার ওপেনার ইয়াসমিন খানকে বোল্ড করেন হাবিবা ইসলাম। চতুর্থ ওভারে স্বাগতিকদের আরেক ওপেনার আলেক্সজান্দ্রা ক্যান্ডলারকে ৬ রানে থামান দিশা।

তবে শুরুর ধাক্কা কাটিয়ে উঠে ৪০ বল বাকি থাকতে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ফে টুনিক্লিফ সর্বোচ্চ ৪১ এবং সিমোন লরেন্স ২২ রান করেন।

বাংলাদেশের হাবিবা-দিশা ও জান্নাতুল ফেরদৌস ১টি করে উইকেট নেন।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ১১ আগস্ট ডারবানে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ইমার্জিং দল।

এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

সূত্র : বাসস