বড় জয় দিয়ে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দল।
শনিবার (৮ আগস্ট) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮৯ রানে জয় পেয়েছে এইচপি দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি এইচপি। ৭ বল খেলে কোনো রান করেই ফিরেন ওপেনার জিসান আলম।
সতীর্থকে হারানোর পর মারমুখী ব্যাটিংয়ে রানের গতি বাড়ান আরেক ওপেনার জাওয়াদ আবরার। ৩ চার ও ১ ছক্কায় ১৮ বলে ২৮ রানে থামেন তিনি। ফলে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫০ রান পায় এইচপি।
এরপর আরিফুল ইসলাম ১৫, সাব্বির রহমান ১৪ ও প্রিতম কুমার ৪ রানে আউট হলে চাপে পড়ে এইচপি। ১০ ওভারে ৫ উইকেটে ৭৫ রান তুলে স্বাগতিকরা।
ষষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি গড়ে এইচপিকে লড়াকু সংগ্রহের পথ দেখান অধিনায়ক মেহেরব হাসান ও আবদুল গাফফার সাকলাইন। শেষ দিকে ৩২ রানে শেষ ৫ উইকেট পতন হলেও ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৮ রানের পুঁজি পায় এইচপি।
২২ বলে ৩ চার ও ২ ছক্কায় মেহরব ৪০ এবং আবদুল গাফফার ২৬ বলে করেন ৩২ রান করেন।
জবাব দিতে নেমে এইচপির বোলারদের তোপে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারে ৬৯ রানে অলআউট হয় মালয়েশিয়া।
দলের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২৯ রান করেন আহমেদ আকিল ওয়াহেদ। এছাড়া মোহাম্মদ আমির ১৫ এবং বিজয় উন্নি ১৪ রান করেন।
বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ রুবেল ও রকিবুল হাসান। একটি করে উইকেট নেন আবু হায়দার, সাকলাইন, মেহরব ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
ব্যাট হাতে ৪০ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এইচপি দলের অধিনায়ক মেহরব।
আগামী ১০ আগস্ট একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও মালয়েশিয়া। বাসস


