টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন রাজা জস বাটলার

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন বাটলার। ওয়েস্ট ইন্ডিজের পোলার্ডের চেয়ে ১৭১ ম্যাচ কম খেলে তিনি এই কীর্তি করেন।

নয়া দিগন্ত অনলাইন
ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার
ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার |ফাইল ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ডকে ছাড়িয়ে এই সংস্করণের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলশ ফায়ারের বিপক্ষে খেলতে নেমেই রেকর্ডটি গড়েন বাটলার। মাত্র ২০ বলে ২ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ইংলিশ তারকা।

ম্যাচে নামার আগে টি-টোয়েন্টিতে বাটলারের রান ছিল ১৪,৭৮২। পোলার্ডের ১৪,৮০৩ রান ছাড়িয়ে যেতে প্রয়োজন ছিল মাত্র ২২ রান। সেই মাইলফলক স্পর্শ করার পর ইনিংস শেষ করেন অপরাজিত ৫১ রানে। ফলে তার মোট রান দাঁড়ায় ১৪,৮৩৩।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই কীর্তি গড়তে বাটলার খেলেছেন ৪৯২ ইনিংস, যেখানে পোলার্ডের লেগেছিল ৬৬৩ ইনিংস। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির চেয়ে ১৭১ ইনিংস কম খেলেই শীর্ষে উঠে এলেন ইংল্যান্ডের এই ব্যাটার।

এর আগে দীর্ঘদিন টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড ছিল আরেক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের দখলে। পরে তাকে ছাড়িয়ে শীর্ষে ওঠেন পোলার্ড। এবার সেই রেকর্ডও নিজের করে নিলেন বাটলার।

বাটলারের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত রয়েছে ৯টি সেঞ্চুরি, অর্ধশতক ১০৬টি। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি করেছেন ৪,২১২ রান। এছাড়া বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক রান করে এই অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাটলার ছাড়া ১৪ হাজারের বেশি রান আছে আরো ৫ জনের। যেখানে তার পেছনে আছেন ৬৬৩ ইনিংসে ১৪ হাজার ৮০৩ রান করা পোলার্ড। আর ক্রিস গেইল মাত্র ৪৫৫ ইনিংসে করেন ১৪ হাজার ৫৬২ রান।