চারিদিকে যখন নাহিদ রানার বন্দনা, প্রশংসার জোয়ারে ভাসছেন; তখনই দুঃসংবাদ দিলো আইসিসি। অসৌজন্যমূলক আচরণ করে বড় শাস্তি পাচ্ছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১১তম ওভারে অস্ট্রেলিয়ার জশ ইংলিসকে আউট করে উত্তেজিত প্রতিক্রিয়া দেখান নাহিদ। একটা সময় দুজনের মাঝে কথার লড়াই শুরু হয়।
পরে অবশ্য সতীর্থরা এসে পরিস্থিতি শান্ত করেন। তবে এমন অসৌজন্যমূলক আচরণে আইসিসির শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তার। নাহিদের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
আইসিসি জানায়, নাহিদ আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারায় আউট হওয়া ব্যাটারের প্রতি এমন কোনো আচরণ, অঙ্গভঙ্গি বা মন্তব্য নিষিদ্ধ, যা অপমানজনক বা সঙ্ঘাতের জন্ম দিতে পারে।
আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়। শাস্তির পর নাহিদ নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
তবে লেভেল-১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা বা আরো বেশি ডিমেরিট পয়েন্টের সুযোগ থাকলেও তুলনামূলক হালকা শাস্তি পেয়েছেন এই তরুণ পেসার।
এক ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় গত ২৪ মাসে নাহিদের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়াল দুই। নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মাঝে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।



