এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, কৃত্রিম আলোর নিচে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই
বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই |সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ নারী এশিয়া কাপ। আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টের দশম আসর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বহুল প্রতীক্ষিত এই লড়াই অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। তাদের সাথে গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ থাইল্যান্ড, হংকং ও চীন।

বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে ৩১ আগস্ট, প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এরপর ৬ সেপ্টেম্বর শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইউএই।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল, আর ১৩ সেপ্টেম্বর হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, কৃত্রিম আলোর নিচে। বাসস