আবারো একসাথে হচ্ছেন মেসি-নেইমার-সুয়ারেজ!

নেইমারের সাথে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। এরপরই নতুন ঠিকানা বেছে নেয়ার সুযোগ থাকবে ৩৪ বছর বয়সী এই তারকার।

নয়া দিগন্ত অনলাইন
লুইস সুয়ারেজ, নেইমার ও লিওনেল মেসি
লুইস সুয়ারেজ, নেইমার ও লিওনেল মেসি |সংগৃহীত

ফুটবল বিশ্বে একসময় আতঙ্কের নাম ছিল ‘এমএসএন’। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার মিলে গড়ে তুলেছিলেন বার্সেলোনার ভয়ঙ্কর আক্রমণভাগ। সেই ত্রয়ীকে আবারো একই জার্সিতে দেখা যেতে পারে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, নেইমারকে দলে ভেড়ানোর সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। তবে এখন পর্যন্ত ক্লাবটির সাথে নেইমারের কোনো আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তি হয়নি।

নেইমারের সাথে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। এরপরই নতুন ঠিকানা বেছে নেয়ার সুযোগ থাকবে ৩৪ বছর বয়সী এই তারকার।

আর সেই সুযোগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পাড়ি জমানোর সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে। আর নেইমার ইন্টার মায়ামিতে যোগ দিলে দীর্ঘ প্রায় এক দশক পর পুনর্মিলন হবে এমএসএন ত্রয়ীর।

মেসি ও সুয়ারেজ বর্তমানে মায়ামির হয়ে খেলছেন। ফলে নেইমার যোগ দিলে তা বিশ্বজুড়ে তোলপাড় তুলবে নিশ্চিতভাবেই।২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসাথে খেলেছিলেন মেসি, নেইমার ও সুয়ারেজ।

তিন তারকার দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনা জিতেছিল নয়টি শিরোপা। এর মাঝে সবচেয়ে স্মরণীয় ছিল ২০১৪-১৫ মৌসুম। ওই মৌসুমে বার্সেলোনা লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ঐতিহাসিক ট্রেবল পূর্ণ করে।

আর পুরো মৌসুমে মেসি, সুয়ারেজ ও নেইমার মিলে করেছিলেন অবিশ্বাস্য ১২২ গোল। সেই সোনালী দিন হয়তো খুব দ্রুতই ফিরতে চলেছে।