ক্ষমা চেয়েও রেহাই নেই ইনফান্তিনোর, তদন্তে নামছে উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্ষমা চাইলেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একই সাথে তাকে সভাপতির পদ থেকে সরানোর চাপও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্রীড়া প্রতিবেদক
ক্ষমা চেয়েও রেহাই নেই ইনফান্তিনোর, তদন্তে নামছে উয়েফা
ক্ষমা চেয়েও রেহাই নেই ইনফান্তিনোর, তদন্তে নামছে উয়েফা |নয়া দিগন্ত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্ষমা চাইলেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বিশ্বকাপের ভবিষ্যৎ বাণিজ্যিক মুনাফার একটি অংশ বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রির চেষ্টা হয়েছিল কি না, সেই অভিযোগের তদন্তে নেমেছে উয়েফা।

একই সাথে ইনফান্তিনোকে সভাপতির পদ থেকে সরানোর চাপও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। যার জন্য প্রয়োজনে আইনি পথেও হাঁটতে পারে তারা।

সম্প্রতি ফিফার ২১১টি সদস্য দেশের কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো স্বীকার করেন, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পটি একটি ভুল ছিল। তবে সেই ক্ষমা উয়েফাকে সন্তুষ্ট করতে পারেনি।

মাত্র চার দিন স্থায়ী হওয়া পরিকল্পনাটিতে ৪.২ বিলিয়ন ডলারের বিনিময়ে ফিফার ২১ শতাংশ শেয়ার মার্কিন প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের কাছে বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল।

প্রতিষ্ঠানটি পরিচালনা করেন জোশুয়া কুশনার, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।

এই পরিকল্পনার বিরোধিতায় সবচেয়ে বড় ভূমিকা রাখে উয়েফা। তাদের অধীনস্থ ৫৫টি সদস্য দেশ বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্ট বয়কটের হুমকি দিলে শেষ পর্যন্ত পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় ফিফা।

এখন উয়েফা জানতে চাইছে, কীভাবে ফিফার বাণিজ্যিক সম্পদের মূল্য ২০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছিল। এজন্য তারা স্বাধীন মূল্যায়ন বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে। প্রয়োজনে পুরো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক গবেষণাও করা হবে।

উয়েফার দাবি, ফিফার বিক্রয়সংক্রান্ত নথিতে মূল্য নির্ধারণের স্পষ্ট ব্যাখ্যা কিংবা কোনো উন্মুক্ত দরপত্রের প্রমাণ নেই। তাদের সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, ‘বিশ্বকাপের মতো সম্পদ কি বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছিল? পুরো প্রক্রিয়াটি কি আদৌ স্বচ্ছ ছিল?’

বিশ্বকাপ শেষে চার বছরের চক্রে ফিফার আয় ছিল প্রায় ১৫ বিলিয়ন ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, সেই হিসেবে ২০ বিলিয়ন ডলারের মূল্যায়নও তুলনামূলক কম। বিশেষ করে ভবিষ্যতে নতুন টুর্নামেন্ট চালু বা বিদ্যমান প্রতিযোগিতা সম্প্রসারণের সুযোগ থাকায় প্রকৃত মূল্য আরও বেশি হওয়ার কথা।

এদিকে উয়েফা শুধু এই লেনদেন নয়, ফিফার পুরো গভর্ন্যান্স কাঠামো পর্যালোচনার দাবিও জানিয়েছে ও প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে, ফিফার অভ্যন্তরেও এই পরিকল্পনা নিয়ে অসন্তোষ ছিল। সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রোম, প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর এবং প্রধান ফুটবল উন্নয়ন কর্মকর্তা আর্সেন ভেঙ্গারসহ শীর্ষ কয়েকজন কর্মকর্তা পরিকল্পনাটির সমালোচনা করেছেন বলে জানা গেছে।

তবে বাইরে থেকে ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করছে ফিফা। মরক্কোর রাবাতে এক সংকটকালীন বৈঠকের পর মালাউই ও জাম্বিয়ার নারী আফ্রিকা কাপ অব নেশনস ম্যাচে ইনফান্তিনো ও গ্রাফস্ট্রোমকে একসাথে খেলা দেখতে দেখা যায়।

পরে এক বিবৃতিতে ফিফা জানায়, সংস্থাটির পূর্ণ সমর্থন এখনো প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিই রয়েছে।