মেসির প্রত্যাবর্তনের ম্যাচে সুয়ারেসের দুর্দান্ত গোল; তবুও জিততে পারল না মায়ামি

বৈরি আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে ৪০ মিনিট দেরি হয়। বিশ্বকাপ শেষে প্রথম ম্যাচে মেসিকে শুরুতে বিশ্রামে রেখে ৫৩তম মিনিটে বদলি হিসেবে নামান কোচ। তবে শুরু থেকেই খেলেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপ তারকা রদ্রিগো দে পল।

নয়া দিগন্ত অনলাইন
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে সুয়ারেসের গোল
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে সুয়ারেসের গোল |সংগৃহীত

বিশ্বকাপের ব্যস্ততা শেষে ক্লাব ফুটবলে ফিরেছেন লিওনেল মেসি। তার প্রত্যাবর্তন ঘিরে ছিল সমর্থকদের তুমুল উন্মাদনা। তবে শেষ মুহূর্তে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করায় ঘটনাবহুল ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি।

লুইস সুয়ারেসের দুর্দান্ত গোল, কাসেমিরোর আত্মঘাতী গোল আর শেষদিকে মেসির একাধিক মিসে কলম্বাস ক্রুর সাথে হয়েছে পয়েন্ট ভাগাভাগি।

শনিবার (১ আগস্ট) ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

বৈরি আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে ৪০ মিনিট দেরি হয়। বিশ্বকাপ শেষে প্রথম ম্যাচে মেসিকে শুরুতে বিশ্রামে রেখে ৫৩তম মিনিটে বদলি হিসেবে নামান কোচ। তবে শুরু থেকেই খেলেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপ তারকা রদ্রিগো দে পল।

ম্যাচের ১৬তম মিনিটে দর্শকদের মুগ্ধ করেন লুইস সুয়ারেস। প্রায় ৪০ গজ দূর থেকে গোলকিপারকে লক্ষ্য করে দুর্দান্ত এক চিপ শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। চলতি লিগে এটি উরুগুইয়ান স্ট্রাইকারের ১০ম গোল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে সপ্তম।

তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৩৪তম মিনিটে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজের জালেই বল পাঠিয়ে দেন নতুন যোগ দেয়া ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ফলে ম্যাচে সমতায় ফেরে কলম্বাস।

প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আবারো এগিয়ে যায় ইন্টার মায়ামি। সুয়ারেসের নিখুঁত চিপ থেকে হেডে গোল করেন নোয়াহ অ্যালেন। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও পরে ভিএআরের সহায়তায় গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সহজ সুযোগ নষ্ট করেন সুয়ারেস। এরপর ৫৩তম মিনিটে মাঠে নামেন মেসি। নামার পরই নিজের পরিচিত ভঙ্গিতে কয়েকটি আক্রমণ গড়লেও গোলের দেখা পাননি তিনি।

৮৪তম মিনিটে ব্রাইস মেন্ডেসের দারুণ এক ফ্রি-কিকে সমতায় ফেরে কলম্বাস। যোগ করা সময়ে ম্যাচ জেতার দুইটি ভালো সুযোগ পেয়েছিলেন মেসি। প্রথমে একেবারে কাছ থেকে করা তার হেড অল্পের জন্য বাইরে চলে যায়।

পরের আক্রমণে বক্সের ভেতর থেকে নেয়া ডান পায়ের শটও লক্ষ্যভ্রষ্ট হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে। তাতে ১৮ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানেই রয়েছে ইন্টার মায়ামি। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।