পেলের ক্লাবে খেলতে যাচ্ছেন বাংলাদেশের সামিত সোম

নিউইয়র্ক কসমসে যোগ দেয়ার আগে কানাডার ক্যাভালরি এফসিতে তিন মৌসুম খেলেছেন সামিত। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৭৯ ম্যাচ খেলেছেন তিনি। গত জানুয়ারিতে ক্যাভালরির সাথে চুক্তি শেষ হয় তার। এরপর থেকেই নতুন ক্লাবের সন্ধানে ছিলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার সামিত সোম
বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার সামিত সোম |ফাইল ছবি

যে ক্লাবের জার্সিতে একসময় মাঠ মাতিয়েছেন ফুটবল কিংবদন্তি পেলে, এবার সেই ক্লাবেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার সামিত সোম। এই ফুটবলারের নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমস।

চলতি মৌসুমের বাকি সময়ের জন্য নিউইয়র্ক কসমসের সাথে চুক্তি করেছেন সামিত। চুক্তিতে নবায়নের সুযোগও রাখা হয়েছে। পেলের স্মৃতি জড়িয়ে থাকা এই ক্লাবে সমিতের যোগ দেয়া নিঃসন্দেহে তার ক্যারিয়ারে আলাদা মাত্রা যোগ করেছে।

১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিউইয়র্ক কসমসের হয়ে খেলেছিলেন পেলে। সেই কিংবদন্তির পদচিহ্ন অনুসরণ করেই এবার যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে পাড়ি জমালেন বাংলাদেশী মিডফিল্ডার। তবে পেলের সাবেক ক্লাবটি বর্তমানে কঠিন সময় পার করছে।

১৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ইউএসএল লিগ ওয়ানের তলানিতে রয়েছে নিউইয়র্ক কসমস। বাংলাদেশ সময় রোববার ভোর ৫টায় এভি আল্টা এফসির বিপক্ষে মাঠে নামবে দলটি। সেই ম্যাচেই নতুন ক্লাবের হয়ে সমিতের অভিষেক হতে পারে।

নিউইয়র্ক কসমসে যোগ দেয়ার আগে কানাডার ক্যাভালরি এফসিতে তিন মৌসুম খেলেছেন সামিত। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৭৯ ম্যাচ খেলেছেন তিনি। গত জানুয়ারিতে ক্যাভালরির সাথে চুক্তি শেষ হয় তার। এরপর থেকেই নতুন ক্লাবের সন্ধানে ছিলেন তিনি।

সামিতের ফুটবল ক্যারিয়ারের বড় একটি অংশ কেটেছে কানাডায়। আন্তর্জাতিক ফুটবলেও দেশটির হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। পরে পারিবারিক শিকড়ের টানে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন বাংলাদেশী বংশোদ্ভূত এই মিডফিল্ডার।

বাংলাদেশের জার্সিতে সামিতের অভিষেক হয় গত বছরের জুনে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমবার মাঠে নামেন তিনি। একই বছরের অক্টোবরে হংকংয়ের বিপক্ষে করেন বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৮ ম্যাচ খেলেছেন সমিত।