এক রাতে দুই সূর্যাস্ত

স্পেনের নিঃশব্দ গ্রামে মহাজাগতিক রোমাঞ্চ

নয়া দিগন্ত ডিজিটাল
  • ফারজানা খাতুন

এমন এক গ্রামের গল্প, যেখানে সময় যেন বহু আগেই থমকে দাঁড়িয়েছে। নেই কোনো গমগমে রেস্তোরাঁ, নেই কোনো ব্যস্ত দোকানপাট। একটা চেনা পানশালা আছে বটে, তবে তার কাঠের দরজায় ঝোলে বিষাদের তালা। নিঝুম নিস্তব্ধতা ভেঙে সেখানে কেবল ভেসে আসে মেঠো পথে চলা ট্রাক্টরের দূরবর্তী শব্দ, লাভেন্ডার ঝোপে মৌমাছির গুঞ্জন আর শূন্য রাস্তায় চাতক পাখির ডানা ঝাপটানোর সুর।

বলছিলাম উত্তর স্পেনের বুর্গোস প্রদেশের অতি ক্ষুদ্র গ্রাম ‘আভেলানোসা দে মুনিও’-র কথা। স্থায়ী বাসিন্দা বলতে গেলে মোটে দশজন! কিন্তু প্রবীণ এই ঘুমন্ত গ্রামটিই আগামী ১২ আগস্ট ২০২৬ রাতে রূপ নিতে যাচ্ছে পৃথিবীর অন্যতম রোমাঞ্চকর এক মঞ্চে।

সেদিন বিকেলে আটলান্টিক পেরিয়ে ইউরোপের আকাশে ফুটে উঠবে এক ঐতিহাসিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ১৯৯৯ সালের পর এই প্রথম মূল ইউরোপ থেকে দেখা মিলবে এমন বিরল দৃশ্যের। তবে কনক্রিটের শহর বা কোলাহলপূর্ণ পর্যটন কেন্দ্র নয়—মহাজাগতিক এই খেলা দেখার জন্য বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীদের চোখ এখন এই পুঁচকে গ্রামের দিকেই। কারণ, পশ্চিমে উন্মুক্ত দিগন্ত, কৃত্রিম আলোর অনুপস্থিতি আর ধূলিমুক্ত নির্মল আকাশ যেন প্রকৃতিরই এক নিখুঁত গ্যালারি।

সবচেয়ে বড় রোমাঞ্চ এর নিখুঁত টাইমিঙে। সূর্যগ্রহণটি ঘটবে ঠিক গোধূলির মুখে। ফলে গ্রামবাসী ও দর্শনার্থীরা সাক্ষী হবেন এক অপূর্ব দৃশ্যপটের—একই রাতে দু’বার নেমে আসবে অন্ধকার! যেন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পর পর দুটি সূর্যাস্ত! মহাজাগতিক এই রূপকথা এখানেই শেষ নয়; গ্রহণ কেটে যাওয়ার পর গভীর রাতে অন্ধকার গ্রামীণ আকাশে নামবে পারসিডস উল্কাবৃষ্টির ঝরনাধারা।

বহু দশক আগে জীবিকার তাগিদে যে মানুষগুলো গ্রাম ছেড়ে মাদ্রিদ, বার্সেলোনা কিংবা বিদেশে পাড়ি জমিয়েছিলেন, এই এক রাতের জাদুকরী নিমন্ত্রণ তাদের আবার শেকড়ে ফিরিয়ে আনছে। গ্রামের প্রবীণ বাসিন্দা সারা আলভারেস কিংবা ৭৩ বছরের রাউল গ্রান্দেরা এখন ব্যস্ত স্বজন ও বিশ্বজুড়ে আসা অতিথি বরণে। ক্যালিফোর্নিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স থেকে আসা মানুষদের কোলাহলে এক রাতের জন্যই গ্রামের জনসংখ্যা বেড়ে হবে বহুগুণ!

অনিন্দ্যসুন্দর এই মুহূর্তটি উদ্‌যাপনে সবাই জড়ো হবেন গ্রামের উঁচু পাহাড়ি গুহাগুলোতে। বহু প্রজন্ম ধরে যেখানে গ্রামবাসীরা একসাথে বসে সূর্যাস্ত দেখতেন, সে জায়গাটিই আবার প্রাণ ফিরে পাবে।

সেদিন রেস্তোরাঁহীন এই নিঝুম গ্রামে খোলা আকাশের নিচে জ্বলবে বার্বিকিউর আগুন, পরিত্যক্ত স্কুলের শূন্য উঠোন মুখরিত হবে শিশুদের কলতানে। তারপর, হঠাৎ করেই সূর্য ঢেকে গিয়ে নেমে আসবে এক নিবিড় অন্ধকার। ভৌগোলিক এক অদ্ভুত ভালোবাসার খেলায়, স্পেনের সবচেয়ে উপেক্ষিত এই গ্রামটিই কিছু মিনিটের জন্য হয়ে উঠবে পৃথিবীর কেন্দ্রবিন্দু।
লেখক: নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।