সিলেটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা

মেটারনাল এইড অ্যাসোসিয়েশন উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে মাতৃমৃত্যু কমানো ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে নিবন্ধিত অলাভজনক সংস্থাটি এ চুক্তির মাধ্যমে সিলেটে তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet

সিলেটবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও রোগ নির্ণয় সহায়তা দেবে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেটারনাল এইড অ্যাসোসিয়েশন (এমএএ)।

এ লক্ষ্যে বুধবার (১২ আগস্ট) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবনের সভাকক্ষে সংস্থাটির সাথে সিসিকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, নগরীর কুমারপাড়ায় সিটি করপোরেশন পরিচালিত উসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে সংস্থাটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হবে। বিশেষ করে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়া হবে।

চুক্তিতে সিলেট সিটি করপোরেশনের পক্ষে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মেটারনাল এইড অ্যাসোসিয়েশনের পক্ষে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. অখিল জায়গীরদার স্বাক্ষর করেন।

মেটারনাল এইড অ্যাসোসিয়েশন উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে মাতৃমৃত্যু কমানো ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে নিবন্ধিত অলাভজনক সংস্থাটি এ চুক্তির মাধ্যমে সিলেটে তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করছে।

চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অর্থের অভাবে যেসব দরিদ্র মা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন, তারা এ হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও রোগ নির্ণয় পরীক্ষা করাতে পারবেন।

দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসায় মেটারনাল এইড অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, মেটারনাল এইড অ্যাসোসিয়েশনের বৈশ্বিক দূত ও উপদেষ্টা অধ্যাপক শাহাগীর বক্ত ফারুক, সিলেট বিভাগীয় প্রধান ডা. ফয়জুল হাসান চৌধুরী, অপারেশন ম্যানেজার ডা. শাহনেওয়াজ ফুয়াদ, লজিস্টিক ম্যানেজার ডা. দুর্জয় রায় ও মেডিকেল কলেজ সমন্বয়ক ডা. আব্দুস শাকুর স্বপন উপস্থিত ছিলেন।