ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মঙ্গলবারের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩’ এর ১৩(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগের শর্তানুযায়ী, প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে তার এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এর মধ্যে তার অবসর গ্রহণের তারিখ চলে এলে যেটি পূর্বে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী উপর্যুক্ত পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
দায়িত্ব পালনকালে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। সূত্র : বাসস



