ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিযুক্ত হয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অষ্টম ভিসি হিসেবে নিযুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো: সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
ড. মোহাম্মদ মোশারফ হোসেন এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিযুক্ত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে ভিসি পদে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিযুক্ত করা হয়েছে।



