রাজধানীর বংশালের সিদ্দিকবাজারে ছিনতাইকালে মুদি দোকানি আব্দুল কুদ্দুসকে হত্যার অভিযোগে করা মামলায় মাসুম মিয়া ওরফে কালুকে যাবজ্জীবন কারাণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো এক বছরের কারাভোগ করতে হবে আদেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬-এর বিচারক মো: সাদেকীন হাবিব বাপ্পী এ রায় ঘোষণা করেন। অন্যদিকে মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ইউনুস মিয়া নামের একজনকে খালাস দেয়া হয়েছে। আদালতের রাষ্ট্র পক্ষের কৌঁশলি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোররাতে রিকশায় বাড়ি ফেরার সময় কামরাঙ্গীচরের মুদি দোকানি আব্দুল কুদ্দুস বংশাল থানাধীন সিদ্দিকবাজার এলাকায় ছিনতাইকারীরা গতিরোধ করেন। এ সময় ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার দিন সকালে নিহতের চাচাতো ভাই মো: কামাল হোসেন বংশাল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ১০ নভেম্বর বংশাল থানার উপ-পরিদর্শক মো: শহীদুল ইসলাম দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
২০১৭ সালের ৭ মার্চ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। সূত্র : বাসস


