ভোগবাদী রাজনীতি দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়; তাই সংশ্লিষ্টদের এ অশুভ বৃত্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (২৯ জুলাই) রাজধানী বাড্ডার স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা থানা দক্ষিণ আয়োজিত স্থানীয় বিশিষ্টজনদের সাথে মতবিনিময় ও এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, ‘স্বাধীনতার অর্ধশতাব্দী অতিক্রান্ত এবং বার বার সরকার পরিবর্তন হলেও দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। সব সরকারই জনগণের ভাগ্য পরিবর্তনের কথা বললেও তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট থেকেছে। দেশের আইনের শাসনের পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছে স্বেচ্ছাতন্ত্র। দেশকে পরিণত করা হয়েছে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অপহরণ, গুপ্তহত্যা, টেন্ডারবাজী ও চাঁদাবাজীসহ অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে। সবকিছুই চলছে জোর যার মুলুক তার নীতিতে। মূলত, কুয়ার ময়লা অপসারণ না করে শুধু পানি অপসারণ করার কারণেই দেশে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘রাজনীতিতে অসৎ নেতৃত্বের কারণেই আমরা রাষ্ট্রের কল্যাণকামীতা থেকে বঞ্চিত হয়েছি। তাই জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে অসৎ নেতৃত্ব রাজনীতি থেকে ঝাটিয়ে তাড়াতে হবে। অন্যথায় আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।’
তিনি আরো বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের কাছে নগর প্রশাসনের দায়িত্ব না থাকায় নগরীর কোনো সমস্যার সমাধান হচ্ছে না বরং যতই দিন যাচ্ছে সার্বিক পরিস্থিতির ততই অবনতি হচ্ছে। পুরো নগরীই এখন অপরিচ্ছন্ন ও ময়লার ভাগারে পরিণত হয়েছে। পানিবন্ধতা নগর জীবনকে রীতিমত দুর্বিষহ করে তুলেছে। বর্জ ব্যবস্থাপনাও সেকেলে। পয়ঃনিষ্কাশনেও নেই আধুনিকতার ছোঁয়া। মশক নিধনে নেই কার্যকর পদক্ষেপ।’
নগরীর যোগাযোগ ও গণপরিবহনও জনবান্ধব হিসাবে গড়ে তোলা সম্ভব হয়নি জানিয়ে ঢাকা মহানগরী উত্তরের আমির বলেন, ‘মানহীন যানবাহনের কালো ধোঁয়ায় নগরীর বায়ু দূষণ এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এমতাবস্থায় নগরীর সার্বিক সমস্যা সমাধানের জন্য কাউন্সিলর থেকে মেয়র পর্যন্ত সকল স্তরের সৎ, যোগ্য ও আল্লাহভীরু লোকদের বসাতে হবে।’
তিনি সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডিএনসিসি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
থানা আমির মাসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।


