গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ব্যাটার মার্নাস লাবুশেন। আট মাস পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো টেস্ট ক্রিকেটে ফিরছেন তিনি। এই দীর্ঘ বিরতি বাংলাদেশ সিরিজের জন্য আত্মবিশ্বাসী করে তুলেছে লাবুশেনকে। এই আত্মবিশ্বাস ফর্মে ফিরতে কাজে দেবে বলে মনে করেন লাবুশেন।
২০২৩ সালের জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেন লাবুশেন। এরপর ৪০ ইনিংসে কোনো সেঞ্চুরি পাননি ৬৩ টেস্টে ১১ শতকের মালিক লাবুশেন। বাংলাদেশ সিরিজ দিয়ে ফর্মে ফেরাই মূল লক্ষ্য তার।
গত জানুয়ারি অ্যাশেজের পর কোনো টেস্ট ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। দীর্ঘ বিরতিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাবুশেন। ব্রিসবেনে অস্ট্রেলিয়া দলের অনুশীলনের সময় সাংবাদিকদের লাবুশেন বলেন, ‘আমার খেলার উন্নতি করা, শট নির্বাচন এবং কৌশলের মতো সাধারণ বিষয়গুলোতে ঘণ্টার পর ঘণ্টা সময় দেয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, যা আমি এই সময়ে করেছি।’
তিনি আরো বলেন, ‘টানা সাত-আট বছর ধরে খেলার পর এটা আমরা কাছে দীর্ঘ বিরতি। এমন অনেক সময় আমি পার করেছি যে, নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। কারণ, ওই সময়গুলো ছোট আকারে ছিল। ভুলগুলো শুধরে নেয়ার মতো যথেষ্ট সময় আমার হাতে ছিল না। দীর্ঘ বিরতি আমাকে সুযোগ করে দিয়েছে।’
বড় ইনিংস খেলার জন্য নিজের ওপর আস্থা রাখার পাশাপাশি প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছেন লাবুশেন। তিনি বলেন, ‘আমি যদি আমার খেলার ওপর আস্থা রাখতে পারি, তাহলে আমি ভালো কিছু অর্জন করতে পারব এবং বড় রানও পাবো। আমার মনে হয়, আমি যে ভালো সময়গুলো কাটিয়েছি তখন আমি আমার খেলার ওপর আস্থা রেখেছিলাম ও খেলার বোঝার চেষ্টা করেছিলাম। ওই সময় আমার কাছে দল কী চেয়েছিল, সেটি বোঝার চেষ্টা করেছিলাম। আমি এখন সেটারই অপেক্ষা আছি।’
টেস্ট ক্রিকেটে দীর্ঘ বিরতি থাকলেও গত জুনে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লাবুশেন। বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি হাফ-সেঞ্চুরিতে ৮৫ রান করেন এই ডান-হাতি ব্যাটার।
বাংলাদেশের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। দুই মাসের ব্যবধানে আবারো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে অজিরা। তবে এবার টেস্ট ফরম্যাটে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে লাবুশেন বলেন, ‘এই দুই টেস্ট ভালো করাটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।’
আগামী ১৩ আগস্ট থেকে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। সর্বশেষ ২০০৩ সালে এই ডারউইনেই টেস্ট খেলেছিল বাংলাদেশ। ওই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
ম্যাকাইয়ে ২২ আগস্ট থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।


