সিলেটে সীমান্তবর্তী এলাকা থেকে ৬৬ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১০ জুন) বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার ভোরে গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সোনালীচেলা, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, তামাবিল, সংগ্রাম, সোনারহাট এবং লাফার্জ বিওপির জওয়ানরা।
অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, গরু, শাড়ি, কম্বল, সুপারি, চিনি ও মদ জব্দ করা হয়। জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৬ লাখ ৫৩ হাজার ২ শত টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাই মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’



